আজ সোমবার বেলা দেড়টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পথচারী ইমরান ফকির জানান, দুপুরে ওই ব্যক্তি রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পরে আহত হয় ওই ব্যক্তি। দেখতে পেয়ে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, রায়েরবাগ ফুটওভার ব্রীজের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হানিফ পরিবহনের একটি বাসে ধাক্কায় মোটরসাইকেল চালক আহত হয়। পরে তাঁকে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় জনগণ বাসটি জব্দ করে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ওই ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম ঠিকানা জানা গেছে। নিহত ব্যক্তির নাম আমিরুল ইসলাম (৪০) তাঁর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া গ্রামে। বাবার নাম মো. ইউসুফ আলী, বর্তমানে শ্যামপুর ফরিদাবাদ এলাকায় থাকতেন তিনি।

দৈনিক টার্গেট 





















