সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নগরের শাহমখদুম থানার সিটিহাট বাইপাস এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে এসআরবি-৫-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল সিটিহাট বাইপাস এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।
বাসের যাত্রীদের ভাষ্য, চেকপোস্টের খবর পেয়ে বাসটি সেখানে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে যান। ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাঁর নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি।
এসআরবি জানিয়েছে, পলাতক ওই যাত্রীর পরিচয় শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আর উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

দৈনিক টার্গেট 






















