মানিকগঞ্জে শতাধিক স্থানে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই আয়োজন। চলবে অগ্রহায়ণ মাসজুড়ে।
প্রাচীন লোকজ রীতির ধারা বজায় রেখে নতুন ধান ঘরে তোলার পর অগ্রহায়ণের শুরুতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় বসে গাঁওয়ালি শিন্নির আসর। এগুলোর মধ্যে পশ্চিম সেওতা ও কুন্দুরিয়ায় প্রায় দেড় শ বছর ধরে এই আয়োজন হয়ে আসছে। অন্যদিকে কাউটিয়া গ্রামে প্রায় দুই শ বছরের পুরোনো বটগাছের নিচে বসে ‘বটতলার গাঁওয়ালা শিন্নি’র আসর।
পশ্চিম সেওতার মোহাম্মদ আলী বলেন, ‘বালা-মুসিবত, বিপদ-আপদ ও কলেরা থেকে রক্ষা পাওয়ার আশায় বাপ-দাদারা এই আয়োজন করতেন। তাঁদের সেই রীতি আমরা ধরে রেখেছি।’
কুন্দুরিয়া গ্রামের আয়োজক মো. সিরাজুল ইসলাম জানান, প্রায় দেড় শ বছর আগে এলাকায় ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল বলে পূর্বপুরুষদের কাছে শুনেছেন তাঁরা। অনেক মানুষের মৃত্যুর পর এক ফকিরের পরামর্শে শিরনির আয়োজন শুরু হয়।
বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, ‘এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। ’

দৈনিক টার্গেট 






















