খুলনার কয়রা উপজেলায় মারধর, টাকা ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রব মোল্লা। শনিবার (২ মে ২০২৬) বিকেলে কয়রা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী আব্দুর রব মোল্লা জানান, তার পিতা আব্দুল খালেক মোল্লার মৃত্যুর পর পরিবারের কাছে প্রায় এক লাখ টাকা সঞ্চিত ছিল। পরবর্তীতে তার মা সেই টাকা তার কাছেই নিরাপদে রাখেন। সম্প্রতি তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ওই টাকার প্রয়োজন দেখা দেয়। এ অবস্থায় গত ৩০ এপ্রিল ২০২৬ বিকেলে স্থানীয় এক ইউপি সদস্যের উপস্থিতিতে টাকা ফেরত নেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখতে পান, পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি সেখানে অবস্থান করছিল। শুরুতে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় অভিযুক্তরা তাকে মারধর করে এবং তার কাছে থাকা প্রায় ৫৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে দাবি করেন তিনি।
আব্দুর রব মোল্লা আরও জানান, ঘটনাস্থল থেকে নিজেকে রক্ষা করে সরে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে ধাওয়া করে পুনরায় মারধর করে। এ সময় তার ব্যবহৃত ভ্যানগাড়ির চাবিও ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তিনি ভ্যানের চাবি ফিরে পেলেও ছিনতাই হওয়া টাকা আর উদ্ধার করতে পারেননি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এ ঘটনার মাধ্যমে তাকে শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি মানসিকভাবেও চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে।
এ ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান ভুক্তভোগী। একইসঙ্গে ছিনতাই হওয়া টাকা দ্রুত উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

শেখ সিরাজউদ্দৌলা লিংকন 





















