খুলনার কয়রায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় কয়রা কপোতাক্ষ ডিগ্রি মহাবিদ্যালয়ের হলরুমে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত ক্যাম্পে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে প্রায় ২ হাজার রোগীর চোখ পরীক্ষা এবং বাছাইকৃত ৫০০ রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
চক্ষু পরীক্ষার পর অপারেশনের জন্য নির্বাচিত দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করানোর পাশাপাশি যাতায়াত, থাকা-খাওয়া, প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমার ব্যবস্থাও করা হয়। এতে এলাকার নিম্নআয়ের ও অসহায় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এবং খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, মানুষের কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যেই তিনি থাকতে চান। দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কয়রা উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বাবুল এবং জেলা বিএনপির সদস্য এম এ হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবাশীষ রায় ঝলক।
এ সময় সহকারী অধ্যাপক আইয়ুব আলী, মনিরুজ্জামান বেল্টু, জি এম মাওলা বক্স, শরিফুল আলম, সরদার মতিউর রহমান, আব্দুস সামাদ, আবুল কালাম, কাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, নাজমুল হুদা, শেখ সালাহউদ্দিন লিটন, সাইফুজ্জামান, রওশন মোল্লা, গোলাম রসুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, পীর আলী, মোহতাসিম বিল্লাহ, আবুল কালাম আজাদ কাজল, আরিফ বিল্লাহ সবুজ, মামুন হাসান, আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনামূল্যে এ ধরনের চিকিৎসা কার্যক্রমের ফলে কয়রার সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেখ সিরাজউদ্দৌলা লিংকন 























