খুলনার কয়রা উপজেলায় বিবাহবিচ্ছেদের প্রায় চার মাস পর সাবেক স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রেজাউল সরদার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর সাবেক স্ত্রী রেহেনা পারভীন (৫৪)।
জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০১৫ সালে কয়রা উপজেলার হরিণনগর গ্রামের মানিক সরদারের ছেলে রেজাউল সরদারের সঙ্গে ভাণ্ডারপোল গ্রামের রেহেনা পারভীনের বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। রেহেনার অভিযোগ, একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে নির্যাতনের ঘটনাও ঘটেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও পরিস্থিতির স্থায়ী সমাধান হয়নি।
পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় প্রায় চার মাস আগে রেহেনা পারভীন তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। এরপর তিনি কয়রা উপজেলার উত্তর চান্নিরচক গ্রামে বাবার বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন।
রেহেনার অভিযোগ, বিবাহবিচ্ছেদের পরও রেজাউল সরদার বিভিন্ন মাধ্যমে তাঁকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে রেজাউল তাঁর বাবার বাড়িতে উপস্থিত হন। সেখানে তিনি রেহেনা পারভীন ও তাঁর বৃদ্ধা মা খাদিজা খানম (৬৫)-কে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগালি করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে রেহেনা পারভীন গত ৭ অক্টোবর কয়রা থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিটির নম্বর ৩৪৬।
কয়রা থানার অফিসার ইনচার্জ জানান, ভুক্তভোগীর সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি যাচাই করে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন 




















