রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ রাউন্ড তাজা রাবার কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর র্যাব-১০। বুধবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত সহিংসতার সময় পুলিশের কাছ থেকে লুণ্ঠিত হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারে নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই অংশ হিসেবে গত ২১ মে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে র্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল রাজধানীর কদমতলী থানাধীন বিক্রমপুর গার্ডেন সিটি এলাকার মেদিনী ভিলার পূর্ব পাশে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি পরিত্যক্ত স্থান থেকে ৩০ রাউন্ড তাজা রাবার কার্তুজ উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া এসব কার্তুজ পূর্বে পুলিশের কাছ থেকে লুণ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে সেগুলো সেখানে ফেলে রাখা হয়। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত সদস্যদের সমন্বয়ে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও জানানো হয়।
উদ্ধারকৃত কার্তুজগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জেসমিন আক্তার রোদেলা 
























