• বিশেষজ্ঞদের নিয়ে হিসাব করা হচ্ছে, কত বাড়ানো যায়।
০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তৈরি পোশাক খাত: বেতন কম বাড়িয়ে বিকল্প সুবিধার চিন্তা মালিকপক্ষের
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ০২:৪৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- ১ বার পঠিত হয়েছে
• বিশেষজ্ঞদের নিয়ে হিসাব করা হচ্ছে, কত বাড়ানো যায়।
পোশাকশ্রমিকদের পক্ষ থেকে মাসিক বেতন ন্যূনতম ৩২ হাজার টাকা করার প্রস্তাব আসার পর নড়েচড়ে বসেছে মালিকপক্ষ। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে শুধু বেতন বৃদ্ধি না করে রেশনব্যবস্থা জোরদার, নির্ধারিত বাড়িভাড়াসহ অন্যান্য সুবিধা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অনেক কারখানামালিক।
মালিকপক্ষের কেউ কেউ বলছেন, বড় তৈরি পোশাক ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করা কিছু কারখানার বেতন বৃদ্ধির সক্ষমতা থাকলেও মাঝারি ও ছোট আকারের কারখানাগুলোর বাড়তি খরচের চাপ সামাল দেওয়ার মতো আর্থিক সংগতি নেই। বেতন বৃদ্ধির ক্ষেত্রে ছোট-বড় সব কারখানার সক্ষমতা বিবেচনায় নেওয়া উচিত।
গত সোমবার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন পর্যালোচনায় গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব করে শ্রমিকপক্ষ। তবে এদিন মালিকপক্ষ কোনো প্রস্তাব জমা দেয়নি। প্রস্তাব দেওয়ার জন্য তাদের চার কর্মদিবস (আগামী সোমবার পর্যন্ত) সময় দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব জমা দিতে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি, বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন।
গতকাল বুধবার বিকেলে এ বি এম সামছুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ১৬ নভেম্বরের মধ্যে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়া হবে। কিন্তু চারদিকে কারখানাগুলোতে অকারণে শ্রমিক অসন্তোষ জিইয়ে রাখা হয়েছে। অস্থিরতা সামাল দিতে গিয়ে মালিকপক্ষ বেতন বৃদ্ধির আলোচনায় মনোযোগ দিতে পারছে না।’
চলমান শ্রমিক আন্দোলনকে তৈরি পোশাক খাতের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র আখ্যায়িত করে বিজিএমইএ পরিচালক বলেন, ‘দেশে ৭০ থেকে ৮০টি শ্রমিক সংগঠন রয়েছে। এত সংগঠন আর কোন খাতে রয়েছে? এসব সংগঠনের কাজ কী? এরা কী বলে, কাদের টাকায় চলে, সরকার কি এগুলো দেখে?’
সুরমা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদও বলেন, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিম্নতম মজুরি হিসাব করা হলেও দেশের সব কারখানার তা পালনের সক্ষমতা নেই। ছোট প্রতিষ্ঠানকে বিবেচনায় না রাখলে মজুরি বৃদ্ধির কারণে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে।
তবে মজুরি বৃদ্ধির বিষয়টি মালিকপক্ষ সক্রিয়ভাবে বিবেচনায় রেখেছে উল্লেখ করে গতকাল ফয়সাল সামাদ বলেন, আজ (বুধবার) বিকেলেই বিজিএমইএ ভবনে বিভিন্ন স্তরের কারখানামালিক একত্র হয়ে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। সেই আলোচনা থেকে একটি প্রস্তাব বেরিয়ে আসতে পারে।
ফয়সাল সামাদ বলেন, ‘২০২৩ সালে ৫৬ শতাংশ মজুরি বৃদ্ধির পর গত দুই বছরে ৯ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। দেশের অন্য কোনো খাতে এমন পরিমাণ বেতন বৃদ্ধি ঘটেছে কি না সন্দেহ। তাই আবেগ দিয়ে বেতন না বাড়িয়ে একটা হিসাবের মধ্যে আসতে হবে। অর্থনীতিবিদেরা হিসাব করে দেখাবেন যে শ্রমিকদের কত পাওয়া উচিত এবং মালিকদের কতটা মজুরি বৃদ্ধির সক্ষমতা রয়েছে।’
অন্যদিকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের মতে, যেটা ‘যৌক্তিক’, মালিকপক্ষ সেটাই দেবে। তিনি বলেন, শ্রমিকেরা ডিসেম্বর থেকে নতুন মজুরি দাবি করেছেন, মালিকপক্ষও তাতে সায় দিয়েছে। এখন বেতন কত টাকা বাড়াতে হবে, সেটা সব বিশেষজ্ঞ মিলে হিসাব করে দেখবেন।
৩২ হাজার টাকা ন্যূনতম বেতন বৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করে এই শিল্পোদ্যোক্তা বলেন, ‘দেশে এখন একজন স্নাতক পাস করা তরুণ-তরুণী ১৮ থেকে ২০ হাজার টাকা বেতনে নতুন চাকরিতে ঢুকছে। সেখানে পোশাক খাতে ৩২ হাজার টাকা দাবি করা হচ্ছে।’
বন্দরনগরী চট্টগ্রাম অঞ্চলের পোশাক উদ্যোক্তা রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘বেতন বৃদ্ধির প্রয়োজন হলেও পোশাকের ক্রেতারা বাড়তি দাম দিতে চাচ্ছেন না। অনেক ক্রেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা বেতন বৃদ্ধিজনিত কারণে পোশাকের মূল্য বাড়াতে পারবেন না।’

রাজধানীতে ডিআইইউর পুরোনো ক্যাম্পাসে আগুন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরোনো ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় ক্যাম্পাসের সাদা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ঢামেকে এনআইসিইউ না পেয়ে বেসরকারিতে, ইনকিউবেটরের আগুনে নবজাতকের মৃত্যু
ঢামেক হাসপাতালের এনআইসিইউতে কোনো সিট খালি না থাকায় সেখানকার এক চিকিৎসকের পরামর্শে এক ওয়ার্ড বয়ের মাধ্যমে সকালে শিশুটিকে চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে আনুষ্ঠানিক ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার আগেই নবজাতককে এনআইসিইউতে দেওয়া হয়। কিছুক্ষণ পর হঠাৎ চিৎকার শুনতে পান। দৌড়ে গিয়ে…

ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে দুই সিটিতে স্মারকলিপি
ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬ সংশোধনের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালামের কাছে নয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।
জনপ্রিয় টার্গেট




















