নেছারাবাদ উপজেলার সেহাঙ্গল গ্রামের কৃতি সন্তান, ৮ নং সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদের সাবেক সফল ও জনপ্রিয় চেয়ারম্যান জনাব শেখ আব্দুস সাত্তার সাহেব আর নেই। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) আনুমানিক দুপুর ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। জীবদ্দশায় তিনি ছিলেন একাধারে প্রবীণ রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক। বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাকাল থেকেই তিনি দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
শেখ আব্দুস সাত্তার সাহেব ছিলেন সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদের একজন দূরদর্শী ও সফল চেয়ারম্যান। তাঁর নেতৃত্বে এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। তিনি ছিলেন গ্রাম সরকার, থানা সরকার ও জেলা সরকারের সদস্য, জেলা পরিষদের নির্বাচিত সদস্য এবং কাউখালী কলেজের ম্যানেজিং কমিটির একজন সম্মানিত সদস্য।
শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ছিল অনন্য। তিনি সেহাঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ওই বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হন। এছাড়াও এলাকার আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। একজন শিক্ষানুরাগী ও মানবপ্রেমী হিসেবে তিনি স্থানীয় সমাজে ছিলেন সকলের প্রিয় ব্যক্তিত্ব।
তাঁর কর্মজীবন শুধু রাজনীতি ও শিক্ষা সীমাবদ্ধ ছিল না; তিনি সরকারি চাকরিতেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিও ছিল তাঁর গভীর আগ্রহ। তিনি এলাকায় ক্রীড়া ও সংস্কৃতিচর্চা প্রসারে নিরলসভাবে কাজ করেছেন।
তাঁর মৃত্যুতে সেহাঙ্গল ও আশেপাশের গ্রামবাসী হারিয়েছে এক মহান মুরুব্বী, সমাজসেবক ও সত্যিকার অর্থে একজন ভালো মানুষকে। তাঁর অবদান ও কর্ম স্মরণীয় হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক রুদ্র বাংলা পরিবারের সম্পাদক মোঃ মতিউর রহমান ও সহ-সম্পাদক শাহ আলম খান। একই সঙ্গে ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাব এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
তাঁরা বলেন, শেখ আব্দুস সাত্তার সাহেবের মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবককে হারালাম, যা পূরণ হওয়ার নয়।
মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন- আমিন।
দৈনিক টার্গেট 




















