ত্রাণমন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, এর পাশাপাশি মানবিক উন্নয়নও জরুরি। অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে মানবিক উন্নয়ন ঘটলেই প্রকৃত উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন সার্থক হবে। তখনই গড়ে উঠবে আলোকিত লালমনিরহাট। এ লক্ষ্যেই সামাজিক আন্দোলনের মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, টাকা দেখে মসজিদের সভাপতি নির্বাচন করা হয়, কিন্তু সেই টাকার উৎস খোঁজ নেওয়া হয় না। ঘুষের টাকা, মাদকের টাকা দান করে বাহবা নিলেও জান্নাতে যাওয়া যাবে না। মাদক সেবন ও নামাজ আদায় একসঙ্গে চলতে পারে না। তাই সামাজিকভাবে এসব বিষয় নিয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং সমাজকে মাদকসহ সব ধরনের অপরাধমুক্ত করতে হবে।
নিজের বিবেককে সবচেয়ে বড় পাহারাদার উল্লেখ করে তিনি বলেন, ‘নিজের বিবেককে পাহারাদার বানান, তাহলে অপরাধের দিকে ধাবিত হবেন না।’ আলোকিত লালমনিরহাট আন্দোলনে কেউ মাদকাসক্ত থাকলে তাঁকে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
নিকাহ রেজিস্ট্রারদের সতর্ক করে মন্ত্রী বলেন, যৌতুক কিংবা বাল্যবিয়ের রেজিস্ট্রি করলে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। বিয়ের আগে বর-কনের বয়স সঠিকভাবে যাচাই করতে হবে। যথাযথ নিয়মে বিয়ে নিবন্ধনের পর বর-কনের হাতে কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘আলোকিত লালমনিরহাট’-এর আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্যসচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস এবং আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব।
এ সময় উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মধ্যে ‘আলোকিত লালমনিরহাট’-এর পোশাক বিতরণ করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দৈনিক টার্গেট 























