নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আবদুস সালামের ছেলে। সোহেল করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বাটরা গ্রামে নিহত সোহেলের শ্বশুর শাহজাহান মিয়া ও চাচা শ্বশুর আকবর আলীর মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে একাধিকবার সালিস-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। গতকাল শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আবারও ওই রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শ্বশুরবাড়িতে থাকা সোহেল মিয়া এবং আকবর আলীর মেয়ের জামাতা কালু মিয়াও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, এ সময় কালু মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ বলেন, সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক টার্গেট 






















