পুলিশের দাবি, সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সভার স্থান ও ঘটনার সত্যতা উদ্ঘাটন করা হয়েছে। শিক্ষাসফরের ব্যানার ব্যবহার করে আয়োজন করা এ সভায় পরবর্তী সময়ে আওয়ামী লীগের ব্যানার প্রদর্শন করা হয়। সেখানে সাবেক সংসদ সদস্য রনজিত সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে গিয়ে সভার বিষয়ে তথ্য পাওয়া যায়। ৮ নভেম্বর শিক্ষাসফরের কথা বলে একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষাসফরের ব্যানার টাঙানো হয়। পরে সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সেখানে উপস্থিত হয়ে ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বিকেলে একটি পর্যটকবাহী বাসে শিক্ষাসফরের ব্যানার লাগিয়ে সিলেট ও সুনামগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সোহেল স্কয়ার ইকো রিসোর্টে উপস্থিত হন। রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষাসফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়।
ওই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে প্রথমে শিক্ষাসফরের ব্যানার টাঙিয়ে সভা শুরু করা হয়। পরে হঠাৎ সেখানে উপস্থিত হন সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। একপর্যায়ে শিক্ষাসফরের ব্যানার সরিয়ে আওয়ামী লীগের ব্যানার প্রদর্শন করা হয়। ব্যানারটির দুই পাশে দাঁড়িয়ে ছিলেন দুজন। এতে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা।’ আয়োজক হিসেবে উল্লেখ করা হয় তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাম।
ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে ব্যানার ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যানার পরিবর্তনের পর রনজিত সরকার বক্তব্য দেন। প্রায় পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে তিনি সেখান থেকে চলে যান।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন সাবেক এই সংসদ সদস্য। এর মধ্যে তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন বলে জানা গেছে। সেখানে বিভিন্ন কর্মসূচিতেও তাঁকে দেখা যায়। গত সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে পাঁচ মিনিট ৩৩ সেকেন্ডের ওই সভার ভিডিও আপলোড করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই দিন মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দেয় বলে জানা গেছে।
ভিডিওটি প্রকাশের পর সোমবার (৯ নভেম্বর) রাতে সিলেটের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিল ও মশাল মিছিল করেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভিডিও দেখে মঙ্গলবার সকালে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা-পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি সভাটি সিলেট নগর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে অনুষ্ঠিত হওয়ার তথ্য দেন বলে জানিয়েছে পুলিশ।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে রাতারগুলের ওই রিসোর্টে যায়। সেখানে গিয়ে পুলিশ সভার বিষয়ে তথ্য ও ঘটনার সত্যতা নিশ্চিত করে।
রিসোর্টে তাঁর মালিকানা রয়েছে কি না, জানতে চাইলে মাহবুব আহমদ বলেন, রিসোর্টের পাশে তাঁর কৃষিজমি রয়েছে, তবে রিসোর্টের ব্যবসার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা জানতে পারেন, তাঁদের এলাকায় রনজিত সরকার সভা করেছেন। তাঁরা ছদ্মবেশে সেখানে এসেছিলেন। বিষয়টি নিয়ে সোহেলের সঙ্গে বসবেন এবং এ সময়ে কেন তিনি এমন কাজ করলেন, তা জানতে চাইবেন। স্থানীয় বিএনপির ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাঁরা এ বিষয়ে পরামর্শ করছেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ফতেহপুর ইউনিয়নবাসী এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী এবং যুবলীগ নেতা মাসুক আহমদের নেতৃত্বে সভাটি আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, একটি পর্যটকবাহী বাসে শিক্ষাসফরের ব্যানার লাগিয়ে তাঁরা রিসোর্টে এসে সভা করেছেন বলে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটন এবং আইনগত পদক্ষেপ নিতে পুলিশ কাজ করছে।
রিসোর্টটির ম্যানেজার পারভেজ মোশাররফ জানান, তাঁদের কাছে অনুষ্ঠানটি মূলত শিক্ষাসফর হিসেবে উপস্থাপন করা হয়েছিল। আয়োজকদের পক্ষ থেকে ১৭৫ জনের উপস্থিতির কথা বলা হয়। বুধবার অ্যাডভোকেট রোকনসহ দুজন এসে রিসোর্ট বুকিং দেন। পরে শুক্রবার সন্ধ্যায় রিসোর্টের বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে বুকিং নিশ্চিত করা হয়। ১৭৫ জনের জন্য মোট বিল আসে ৫২ হাজার টাকা।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন রনজিত সরকার। তিনি সুনামগঞ্জের বাসিন্দা হলেও সিলেটে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

দৈনিক টার্গেট 




















