নিহত ব্যক্তিরা হলেন রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৩১) ও তাঁর তিন বছরের ছেলে সাহিল, রুবেলের বোন কাশিফা জান্নাত (২০) ও তাঁর পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা।
আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২) ও এক সন্তান এবং কাশিফার স্বামী সাকিল। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তানিয়া ও তাঁর সন্তানের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের স্বজন মনোয়ারা বেগম বলেন, জোহরের নামাজের পর তাঁরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন তাঁদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।

দৈনিক টার্গেট 






















