স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনগাঁও ইউনিয়নের শিদলি থেকে ক্লাবমোড় ও চড়োল পাড়ায় যাতায়াতের সড়কের মাঝামাঝি স্থানে কালভার্টটির অবস্থান। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এর মাঝ অংশে গর্তের সৃষ্টি হয়েছে। আস্তর খসে পড়ায় রড বেরিয়ে গেছে। নিচের মাটি দেখা যাচ্ছে। ফলে কালভার্টটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।
এ অবস্থায় হেঁটে চলাচল করতে পারলেও ছোট যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, এই কালভার্ট দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ চলাচল করেন। বিশেষ করে কৃষিপণ্য উপজেলা সদরের বাজারে নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। বর্তমানে আমন ধান কেটে বাড়িতে নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন অনেকে। বাধ্য হয়ে বিকল্প পথে অনেক দূর ঘুরে কৃষিপণ্য পরিবহন করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীরসহ অনেকে বলেন, শিদলি হয়ে ক্লাবমোড়, চড়োল পাড়া দিয়ে রাউতনগর বাজারে যাওয়ার এটিই গুরুত্বপূর্ণ সড়ক। শিদলি ও ক্লাবমোড়ের মাঝামাঝি স্থানে থাকা কালভার্টটির পাটাতনের আস্তর খসে রড বেরিয়ে গেছে। এটি এখন চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত কালভার্টটি সংস্কার বা পুনর্নির্মাণ করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান বলেন, শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত কালভার্টটির সমস্যা সমাধান করা হবে।

দৈনিক টার্গেট 


























