অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘মীর এক্সপ্রেস’। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্কয়ার ফ্যাশন সংলগ্ন মহাসড়কের পাশে বাসটি পার্কিং করা ছিল। এ সময় বাসের ভেতরে একজন কর্মী ঘুমিয়ে ছিলেন।
ভালুকা ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুনে বাসের ভেতরের আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসটির ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।
অন্যদিকে, বাসের মালিক মো. শফিকুল ইসলাম দাবি করেছেন, আগুনে তাঁর পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা।
শফিকুল ইসলাম বলেন, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। গাড়ির কাজ করানোসহ তাঁর প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন।

দৈনিক টার্গেট 
























