স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে একটি নৌকা যাত্রা শুরু করে। নৌকাটি ব্রহ্মপুত্র নদ পেরিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে মাঝনদীতে পৌঁছালে এক গর্ভবতী নারীর প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। একপর্যায়ে নৌকার মধ্যেই তিনি যমজ সন্তানের জন্ম দেন।
ওই নারীর স্বামী মনোয়ার হোসেন বলেন, ‘অসুস্থ স্ত্রীকে সিজার করার জন্য গাইবান্ধায় নিয়ে যাওয়ার সময় পথে নৌকায় হঠাৎ তাঁর প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাই। পরে নৌকাতেই আমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন। আল্লাহর রহমতে সন্তানদের মুখ দেখতে পেরেছি। সবার কাছে দোয়া চাই।’
নৌকায় থাকা এরেন্ডাবাড়ী এলাকার বাসিন্দা ফজলে রাব্বি বলেন, ‘হঠাৎ ওই নারীর প্রসববেদনা শুরু হলে নৌকায় থাকা সবাই চিন্তিত হয়ে পড়েন। নদীর মাঝখানে থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। পরে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়।’
এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, ‘মাঝনদীতে নৌকায় যমজ সন্তান জন্মের বিষয়টি জেনেছি। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে মা ও নবজাতকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।’

দৈনিক টার্গেট 






















