আহত নাজমুল বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর রশিদ ব্যাপারির ছেলে।
নাজমুলের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা যুবদলের মিছিলে অংশ নেওয়ার পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে আবদুল্লাহপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের শওকত মাঝির বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন তাঁর পথরোধ করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, রাতে যুবদলের মিছিল শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই কর্মীর ওপর হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে জখম করেছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, ঘটনাটি তাঁরা জেনেছেন। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দৈনিক টার্গেট 






















