গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ডেকরা পূর্বপাড়া গ্রামের একটি সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যুবকের নাম মামুন (৩৮)। তিনি ওই গ্রামের আনসার মাস্টারের ছেলে। মামুন ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ডেকরা গ্রামের একটি সড়কে ইয়াবা বিক্রির সময় মামুনকে আটক করা হয়। এ সময় তাঁর প্যান্টের পকেট থেকে সাতটি ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটকের পর মামুন ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা তিন পুলিশ সদস্যকে ঘিরে ধরে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। এ সময় মামুন অসুস্থতার ভান করে রাস্তায় পড়ে গেলে উপস্থিত লোকজন আরও উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে লোকজনের ভিড়ের সুযোগে তাঁকে ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁর বাড়িতে গিয়ে খোঁজ পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, ইয়াবাসহ আটকের পর মামুন ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার করে লোকজন জড়ো করেন। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। এ কারণে মামুনকে থানায় নিয়ে আসা সম্ভব হয়নি।
এসআই আরও বলেন, এ ঘটনায় মামুনকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম গোফ্ফার বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি। আমি শহরে থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি।’

দৈনিক টার্গেট 






















