গতকাল শনিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বর্নি ও কুশলী ইউনিয়নের বর্নি ও নিলফা বাজার এবং পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে। একের পর এক মিছিল ও ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে বর্নি ইউনিয়নের মধ্যপাড়া বিশ্বাসবাড়ি থেকে একটি মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি বর্নি বাজারে পৌঁছালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়ের ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের টাঙানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
পরে রাত ৮টার দিকে লাঠিসোঁটা নিয়ে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়ক অবরোধ করে বাজারের বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিএনপি-সমর্থিত কয়েকজনের দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এরপর রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে আবারও মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী বলেন, বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বর্নি বাজারে এসে যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালান। কার্যালয়ের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা বলেন, নিলফা বাজারের বিএনপির কার্যালয়, বর্নি বাজারের যুবদলের কার্যালয়সহ বিএনপি নেতা-কর্মীদের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জেনেছেন। দলের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা বিকেল থেকে রাত পর্যন্ত কয়েকটি মিছিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।

দৈনিক টার্গেট 
























