রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিতে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশের সড়ক দিয়ে মিছিল করতে থাকেন।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রোববার সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এতে প্রায় পাঁচ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশের সড়ক দিয়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তাঁরা আশপাড়া মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। সেখানে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।
এ সময় শ্রমিকরা পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় অবস্থান নেন। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ধাওয়া দিয়ে শ্রমিকদের আনসার রোড থেকে পশ্চিম দিকে সরিয়ে দেওয়া হলে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

দৈনিক টার্গেট 























