স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সজীব। উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীদের সামনেই নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন সজীব।
পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীব মিয়া বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের দাবি, সজীবের জুয়ায় আসক্তি এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দৈনিক টার্গেট 

























