পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জরুন এলাকায় মণ্ডল গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও দুপুরের দিকে কারখানা থেকে বের হয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা আশপাশের কয়েকটি কারখানায় ছুটি দেওয়ার দাবি জানান এবং ওই কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে বলেন। পরে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এরপর শ্রমিকেরা জড়ো হয়ে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা এবং কাশিমপুর এলাকার কয়েকটি কারখানাতেও বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে কর্তৃপক্ষ আজ রোববারের জন্য কারখানাগুলো ছুটি ঘোষণা করে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।’
আমজাদ হোসাইন বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ী, কাশিমপুর ও জরুনসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

দৈনিক টার্গেট 
























