আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে সদর পৌর ভূমি অফিসে যান। সেখানে নায়েব আবুল কালামকে চায়ের আড্ডায় ব্যস্ত দেখতে পান তিনি।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিকেল ৩টার দিকে নায়েব অফিস থেকে বের হয়ে চলে যাওয়ার সময় অনিক খান তাঁকে ডেকে প্রয়োজনীয় তথ্য জানতে চান। এ সময় আবুল কালাম ক্ষুব্ধ হয়ে ওঠেন।
অভিযোগ অনুযায়ী, আবুল কালাম অফিসের কর্মচারীদের ডেকে অনিক খানকে ভেতরে রেখে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। তাঁর সঙ্গে থাকা নাগরিক টেলিভিশনের মাল্টিমিডিয়া প্রতিবেদক ফরহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিবেদক আলাদিন সানি ও সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত প্রতিবাদ করলে তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘মাস্তানি করতে আইছস।’
সাংবাদিকদের বেঁধে পেটানো এবং একেবারে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকিও দেন নায়েব।
জমির খারিজের তথ্য জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘এখানে কোনো মার্ডার হয়নি, কিসের তথ্য দেব? এখানে কি কোনো মার্ডার হয়েছে? তথ্য চাইলে ডিসি অফিসে আবেদন করে আসবেন।’
অনিক খান বলেন, নতুন জরিপের কাজে তাঁর বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য প্রয়োজন। সাধারণ ভূমিসেবা ও জমির তথ্য পেতেও যদি তথ্য অধিকার আইনে আবেদন করতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সহজে সরকারি সেবা পাবেন?
এর আগেও একই নায়েবের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে বলে দাবি করা হয়েছে।
এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবুল মনসুর অভিযোগ করেন, কয়েক দিন আগে আহমেদ ঘোষের লেনদেনসংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন।
প্রতিকার চাইতে সাংবাদিকেরা ময়মনসিংহ সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার মো. জাকারিয়া হোসেনের কার্যালয়ে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি অভিযুক্ত নায়েবকে সঙ্গে নিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে সেখান থেকে চলে যান।
সাংবাদিকদের হেনস্তার বিষয়ে জাকারিয়া হোসেন বলেন, ‘শুনেছি বহিরাগতদের সঙ্গে নায়েবের কথা-কাটাকাটি হয়েছে। সেখানে সাংবাদিক ছিলেন কি না, তা আমার জানা নেই।’
সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আপনারা নিজেরাই মীমাংসা করে ফেলেন। এখানে আমাকে অযথা জড়াবেন না।’
অভিযোগের বিষয়ে আবুল কালাম বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথমে তাঁদের চিনতে পারিনি।’
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভিডিওতে থাকা বক্তব্য যাচাই এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।

দৈনিক টার্গেট 
























