আজ রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক জানান, গরুর ব্যবসায়ী ফজলুল হক গরুবোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটে যাচ্ছিলেন। অন্যদিকে, মোটরসাইকেল আরোহী এমদাদুল হক রংপুরে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে যানবাহন দুটি সড়কের পাশের গর্তে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই গরুর ব্যবসায়ী ফজলুল হক ও তাঁর একটি গরু মারা যায়। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী এমদাদুল হক। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। গর্তে পড়ে যাওয়া যানবাহন দুটি উদ্ধারের কাজ চলছে। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দৈনিক টার্গেট 






















