স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাতটার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনালের দক্ষিণ পাশে পার্কিং করে রাখা বিএমএফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির ইঞ্জিনের কভারের ওপর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ইঞ্জিন কভার, স্টিয়ারিংসহ বাসের কয়েকটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
বাসে আগুন দেখতে পেয়ে টার্মিনালের শ্রমিকেরা জানালার কাচ ভেঙে আগুন নেভান। বিএমএফ পরিবহনের বাসটির মালিক মো. শিবলু বলেন, কিছুক্ষণ আগেই বাসটিতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
বাসচালক কাজী মো. রানা বলেন, হঠাৎ পাশের বাসে আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রুত আগুন নেভান। বাসটি তিন মাস ধরে সেখানে পার্কিং করা ছিল।
এসব ঘটনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর তিনি এখনো পাননি।
অন্যদিকে, সন্ধ্যা সাতটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেলকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি।

দৈনিক টার্গেট 





















