দুদকের অভিযোগে বলা হয়েছে, শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার দুবাইয়ে পাচারের অভিযোগ রয়েছে। এ ছাড়া ওই অর্থের বিপরীতে প্রায় ১৩৬ কোটি টাকা কর ফাঁকি এবং প্রায় ৩০৭ কোটি টাকা জরিমানা সংক্রান্ত অভিযোগও রয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, এর আগে রেজওয়ানুল সাঈদ নামের এক আইনজীবী এ বিষয়ে কমিশনে অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে দুদক কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। পরে আদালত অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদককে নির্দেশ দেন।
আদালতের নির্দেশনার পর দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমানকে অনুসন্ধানের দায়িত্ব দিয়ে একটি টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান টিম অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখবে।
এদিকে, ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় ৮ হাজার কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদকের আরেকটি অনুসন্ধান চলমান রয়েছে।
শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে নতুন অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, আদালতের নির্দেশনা প্রতিপালনের জন্য কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট শাখা থেকে নথি কমিশনে উপস্থাপন করা হয়। কমিশন বিষয়টি অবগত হয়ে সিদ্ধান্ত দেয় এবং সেই অনুযায়ী আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

দৈনিক টার্গেট 





















