গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। তিনি বলেন, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই ওই কিশোরকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১টার দিকে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার (৯ নভেম্বর) বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বাসার সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় পেছন থেকে এসে এক কিশোর ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারী ঘটনাস্থলে ছুরিটি ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখম হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানিয়েছিলেন, জাকিয়া বর্তমানে আশঙ্কামুক্ত।
এদিকে হামলার পুরো দৃশ্য ধরা পড়ে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা জাকিয়ার কাছে দৌড়ে গিয়ে ছুরি দিয়ে হামলা চালায় কালো শার্ট পরা এক কিশোর। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ছুরিটি ফেলে পালিয়ে যায় সে।
জাকিয়ার পরিবারের অভিযোগ, মজমপুর এলাকার ওই কিশোর দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই বিভিন্নভাবে বিরক্ত করত সে। বিষয়টি কিশোরের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য উত্ত্যক্ত করা বন্ধ হয়। তবে অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে জাকিয়ার ওপর হামলা চালানো হয়েছে বলে ধারণা পরিবারের।
জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ‘ওই ছেলে দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। সোমবার আমার মেয়ে পরীক্ষা শেষে বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় ওই ছেলে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এদিকে ঘটনার পর অভিযুক্ত কিশোর ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে চলে যান। সোমবার ঘটনার পর থেকে ওই বাসাটি খালি। পরে সোমবার দিবাগত রাতে তাদের গ্রামের বাড়ি পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোর পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। বড় ভাই আকাশও নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে সে ছোট।
প্রতিবেশীদের তথ্য অনুযায়ী, অভিযুক্ত কিশোর একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। একাধিকবার শ্রেণিতে অকৃতকার্য হওয়ায় এর আগে সে স্কুল পরিবর্তন করেছে। এলাকায় তার চলাফেরা ও মেলামেশা ছিল সীমিত।
প্রকাশ্য দিবালোকে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

দৈনিক টার্গেট 






















