সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির মালিক মোশারফ হোসেনের পরিবারের সদস্যরা জানান, কালীগঞ্জ মৌজার এসএ খতিয়ান নম্বর ৮৬-এর দাগ নম্বর ১৮৪৯ এবং বিএস খতিয়ান নম্বর ১১৯০-এর দাগ নম্বর ১৮১০-এর জমি বাপ-দাদার আমল থেকে তাঁরা ভোগদখল করে আসছেন। জমিটির বিএস রেকর্ডও তাঁদের নামে রয়েছে বলে দাবি করেন তাঁরা।
পরিবারের সদস্যদের অভিযোগ, তৌহিদুল ইসলাম বাচ্চু গং দীর্ঘদিন ধরে ওই জমিতে নানা ধরনের বাধা সৃষ্টি করে আসছেন। এ নিয়ে আদালতে মামলা চলমান। বিরোধের পরিপ্রেক্ষিতে গত ৪ আগস্ট আদালত সংশ্লিষ্ট জমির বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ জমির পাকা ধান কাটতে বাধা দিচ্ছে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে মোশারফ হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস বলেন, ‘বাপ-দাদার আমল থেকে আমরা এই জমি ভোগদখল করে আসছি। জমিতে পাকা ধান হলেও প্রতিপক্ষের বাধার কারণে তা কাটতে পারছি না। তৌহিদুল ইসলাম বাচ্চু গং আমাদের প্রাণনাশের ভয় দেখাচ্ছে। নিজ বাড়িতেও আমরা এখন নিরাপদ বোধ করছি না।’
সময়মতো পাকা ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। তাঁরা অবিলম্বে আদালতের নিষেধাজ্ঞা কার্যকর, পাকা ধান কাটার নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক টার্গেট 
























