কোমো ও আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন পাস। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১টি গোল করেছেন তিনি। অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডের বিপক্ষে কোমোর হয়ে দুটি গোলও করেন এই মিডফিল্ডার।
২০২৪ সালে ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল থেকে পাসকে দলে নেয় কোমো। চুক্তিতে পরবর্তী তিন গ্রীষ্মকালীন দলবদলে তাঁকে ফিরিয়ে নেওয়ার সুযোগ রেখেছিল মাদ্রিদের ক্লাবটি। সে সময় বাই ব্যাক মূল্য নির্ধারণ করা হয়েছিল যথাক্রমে ৮, ৯ ও ১০ মিলিয়ন ইউরো।
তবে গত জুনে দুই ক্লাব চুক্তির শর্ত পুনর্নির্ধারণ করে। নতুন সমঝোতা অনুযায়ী, পাসকে দলে নিতে কোমোকে রিয়াল ৬০ মিলিয়ন ইউরো দিতে হবে। অন্যদিকে, রিয়ালের বাই ব্যাক ক্লজ বেড়ে দাঁড়িয়েছে ৮০ মিলিয়ন ইউরো। তবে এই শর্ত কার্যকর করার সুযোগ থাকবে শুধু ২০২৭ সালে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, আপাতত রিয়ালে ফিরতে আগ্রহী নন পাস। তবে তাঁকে দলে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকার নিশ্চয়তা দিলে সিদ্ধান্ত বদলাতে পারেন এই আর্জেন্টাইন। এখন পর্যন্ত সেই নিশ্চয়তা পাননি তিনি।
রিয়াল বাই ব্যাক ক্লজ কার্যকর না করলে কোমো স্বাভাবিক দলবদল প্রক্রিয়ায় পাসকে অন্য ক্লাবের কাছে বিক্রি করতে পারবে। তবে এখন পর্যন্ত কোনো আগ্রহী ক্লাব ২০২৫ সালে টটেনহাম হটস্পারের মতো শক্ত অবস্থান নেয়নি। চুক্তিতে থাকা বাই ব্যাক শর্তও অন্য ক্লাবগুলোর জন্য দলবদলের প্রক্রিয়াকে জটিল করে তুলছে।
এদিকে, ব্রুনো ফার্নান্দেসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে তাঁর সম্ভাব্য বিকল্প হিসেবে পাসকে তালিকায় রেখেছে ইউনাইটেড। পর্তুগিজ মিডফিল্ডার সম্প্রতি জানিয়েছেন, চুক্তি নবায়ন নিয়ে আলোচনা থমকে আছে।
২০২৬-২৭ মৌসুমের শেষে ব্রুনোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। তবে চাইলে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে ইউনাইটেডের। ব্রুনো ক্লাব ছাড়লে তাঁর জায়গায় নতুন কাউকে নেওয়ার পরিকল্পনা করছে ইংলিশ দলটি।
ইউনাইটেডের প্রকল্প ও ক্লাবটির আকর্ষণ পাসের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে এই মুহূর্তে ওল্ড ট্রাফোর্ড তাঁর পছন্দের গন্তব্য নয়।

দৈনিক টার্গেট 























