দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব। তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে আতঙ্ক ছড়াতে পিকআপে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম মান্দারী বাজারে একটি গ্যারেজের সামনে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পিকআপটি মেরামতের কাজ চলছিল। আজ ভোররাতে স্থানীয়রা হঠাৎ পিকআপটির সামনের অংশে আগুন জ্বলতে দেখতে পান। পরে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই পিকআপটির সামনের ও পেছনের বেশ কিছু অংশ পুড়ে যায়।
স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা পিকআপটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দিঘলী ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার পিকআপে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এতে গাড়িটির সামনের ও পেছনের বেশ কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় আমি মামলা করব।’

দৈনিক টার্গেট 






















