২০২৭ নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) আগে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জয়াবর্ধনে। আজ এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে ভারতের রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজি। দলের ক্রিকেট-সংক্রান্ত সব বিষয়ের দায়িত্ব পালন করবেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই লঙ্কান ক্রিকেটার। যার মধ্যে রয়েছে দলের কৌশল নির্ধারণ, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের উন্নয়ন করা।
দিল্লির হয়ে ২০১২ ও ২০১৩ আইপিএলে খেলেছিলেন জয়াবর্ধনে। ফ্র্যাঞ্চাইজিটির নাম তখন ছিল দিল্লি ডেয়ারডেভিলস। ২০১৩ সালে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কও ছিলেন সাবেক লঙ্কান ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের নারী ক্রিকেট দলের পরিচালকের দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘দিল্লি ক্যাপিটালসের নিজস্ব পরিচয় রয়েছে। নারী ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তাদের পরিকল্পনাও বেশ আকর্ষণীয়। ডব্লিউপিএল দলের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে প্রতিষ্ঠিত এই দলের অভিজ্ঞ সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে জয়াবর্ধনের। ২০১৭ থেকে ২০২৬ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্বে ছিলেন। গত মাসে তাঁর সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে মুম্বাই। তাঁর অধীনে ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে তিনবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই। যার মধ্যে ২০২০ আইপিএল শিরোপাই মুম্বাইয়ের এই টুর্নামেন্টে সবশেষ কোনো শিরোপা।
ভারতকে ৬ উইকেটে হারিয়ে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আইসিসি ইভেন্টের ফাইনালের ‘জুজু’ কাটায় লঙ্কানরা। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের অবসান হয় জয়াবর্ধনের। আইপিএলে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত পাঁচ বছরে ৮০ ম্যাচ খেলেছেন তিনি। দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, কোচি টাস্কার্স কেরালা—এই তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন জয়াবর্ধনে।

দৈনিক টার্গেট 

























