নেটফ্লিক্স জানিয়েছে, সিরিজটির গল্প আবর্তিত হবে ক্ষমতাধর জাদুকরদের (যাদের বলা হয় প্লেনসওয়াকার) এক ভয়ংকর সংঘাতকে ঘিরে। এই লড়াইয়ের কেন্দ্রে থাকবে চন্দ্রা নামের এক ফায়ার মেজ বা আগুন-জাদুকর। তার অদ্ভুত জাদুকরি ক্ষমতার জন্য শিকারিরা তার পিছু নিয়েছে, একই সঙ্গে তাকে প্রতিনিয়ত তাড়া করছে যন্ত্রণাদায়ক অতীত।
হুট করেই এক ভয়ংকর অশুভ শক্তির মুখোমুখি হয় চন্দ্রা। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চন্দ্রা ও আরও কয়েকজন কিংবদন্তি জাদুকরকে এখন এক হতে হবে। অশুভ শক্তির হাত থেকে বিশ্বকে বাঁচাতে লড়াইয়ে নামবে তারা।
নেটফ্লিক্সে এই সিরিজের নির্মাণপ্রক্রিয়া চলছে ছয় বছরের বেশি সময় ধরে। ২০১৯ সালে যখন প্রথম এই প্রজেক্টের ঘোষণা দেওয়া হয়, তখন এর দায়িত্বে ছিলেন পরিচালক জুটি রুশো ব্রাদার্স। কিন্তু সৃজনশীল মতপার্থক্যের কারণে তাঁরা সরে দাঁড়ালে ২০২১ সালে দায়িত্ব পান জেফ ক্লাইন। প্রধান চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য অভিনেতা ব্র্যান্ডন রাউথকেও চূড়ান্ত করা হয়েছিল।
এরপর প্রজেক্টটি নিয়ে দীর্ঘদিন আর কোনো খবর ছিল না। এমনকি ২০২৪ সালে রাউথ এক সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করে বলেছিলেন, সিরিজটি হয়তো আর আলোর মুখ দেখবে না। তবে সব জল্পনা ও জটিলতা কাটিয়ে প্রজেক্টটির হাল ধরেছেন নতুন শোরানার ‘স্টার ট্রেক: পিকার্ড’খ্যাত টেরি ম্যাটালাস। কো-শোরানার হিসেবে কাজ করছেন সিন্ডি অ্যাপেল। আর সুপারভাইজিং ডিরেক্টর হিসেবে আছেন অস্কারজয়ী প্যাট্রিক অসবর্ন।

দৈনিক টার্গেট 

























