স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল আটপাড়া উপজেলার তেলিগাতী এলাকায় চাচাতো বোনের বউভাতের অনুষ্ঠান শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আবু তাহের। অটোরিকশাটি চালাচ্ছিলেন একই এলাকার সুমন মিয়া। পথে শিবপ্রসাদপুর এলাকায় পৌঁছালে তাঁদের অটোরিকশার সঙ্গে আরেকটি অটোরিকশার ধাক্কা লাগে। সেটি চালাচ্ছিলেন শরীফ নামের এক ব্যক্তি।
এ নিয়ে দুই চালকের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শরীফ সুমনকে মারধর করতে থাকেন। শরীফের বাড়ি ওই এলাকায় হওয়ায় তাঁর চিৎকারে বাড়ি থেকে আরও চার-পাঁচজন বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে এসে সুমনকে মারধর করেন। এ সময় সুমনকে বাঁচাতে আবু তাহের এগিয়ে গেলে শরীফ তাঁর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আবু তাহেরের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে অন্য যাত্রীরা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে ময়নাতদন্ত শেষে আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফন শেষে রাতে এ ঘটনায় থানায় অভিযোগ করবেন পরিবারের সদস্যরা।

দৈনিক টার্গেট 






















