ফেসবুক এখন একা নয়, নানা ধরনের ইন্টারনেট প্রয়াস চারদিকে। তার সঙ্গে যুক্ত হয়েছে স্বাধীন-স্বেচ্ছাচারী ইউটিউব। মাত্রাতিরিক্ত স্বাধীনতা পেয়ে যেকোনো মানুষই এটিকে ব্যবহার করে যে কাউকে নানাভাবে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। পত্রিকা বা সাহিত্য পড়ার পরিবর্তে ওই ছোট্ট পর্দাটিই হয়ে যাচ্ছে বিশ্বস্ত বন্ধু।
প্রকাশনাশিল্পও মুখ থুবড়ে পড়েছে। গত দুটি বইমেলায় প্রকাশকেরা তাঁদের ব্যবসায় হতাশ হয়েছেন। লেখকেরাও এক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আর যে পাঠকদের বই-পুস্তকের প্রতি আকর্ষণ রয়েছে, এবার তাঁরাও হতাশ হয়ে পড়েছেন। আগামী বইমেলায় কি নতুন বই মিলবে? ভালো বই কি পাঠ করা যাবে না? পৃথিবীর সব সভ্য দেশেই রাষ্ট্র এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। প্রচুর রাষ্ট্রীয় পাঠাগার থাকে, অনেক বইমেলা রাষ্ট্রীয় সহযোগিতায় হয়ে থাকে। প্রকাশকদের জন্য নানা ধরনের আর্থিক অনুদান বা সাহায্যের ব্যবস্থা থাকে। বেসরকারিভাবে যেসব পাঠাগার আন্দোলন গড়ে ওঠে, সেসবকেও রাষ্ট্রীয় প্রণোদনা দেওয়া হয়। আমাদের দেশেও এসব আন্দোলন আছে, কিন্তু রাষ্ট্রীয় কোনো সহযোগিতা তারা যে শুধু পায় না তা-ই নয়, বরং গণপ্রতিনিধিরাও কিছু কিছু ক্ষেত্রে এসবের বিরুদ্ধে বিরোধিতা করে থাকে।
শিক্ষার ক্ষেত্রে দেখা যায়, পাঠ্যপুস্তকের চেয়ে নোটবুকের কদর বেশি। দেখা যায়, শিক্ষার্থীরা খণ্ডিত জ্ঞান নিয়ে পরীক্ষায় শুধু নম্বরের জন্য লড়াই করে যাচ্ছে। স্কুলগুলোতে যেখানে লাইব্রেরি আছে, সেগুলোও খুবই দরিদ্র। সেখানে একসময় পত্রিকা রাখার একটা ব্যাপার ছিল, শিশু-কিশোরদের উপযোগী সাময়িকী রাখা হতো। এসব আজ নেই। তবে অনেক স্কুলেই কম্পিউটার ল্যাব আছে; যদিও সেগুলো যথেষ্ট সচল নয়।
সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাটক এসবে শিশুদের প্রবল আগ্রহ। ছোট ছোট শহরেও দেখেছি শিশুদের এমন কাজে উৎসাহ যেমন আছে, তেমনি গড়ে উঠছে তাদের দক্ষতা। এর সঙ্গে পাঠ্যবইয়ের বাইরেও ভিন্ন উপায়ে যদি আনন্দ পাঠের ব্যবস্থা করা যায়, তাহলে ওইসব শিশু পড়ার নেশায় বাকি জীবনটাও কাটিয়ে দেবে।
শুরু করেছিলাম পত্রিকা পাঠ নিয়ে, নিউজস্ট্যান্ড নিয়ে। পত্রিকার প্রকাশকদের এই নিউজস্ট্যান্ড নিয়ে নতুন করে ভাবা দরকার। পত্রিকার পাঠক বাড়ানোর জন্যও নানা ধরনের উদ্যোগ প্রয়োজন। যেভাবে সংবাদ পরিবেশনের বিরুদ্ধে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, তাতে পাঠক কমে যাওয়া ছাড়াও একটা সংকীর্ণ জগৎ তৈরি হচ্ছে। শিক্ষা-সংস্কৃতির ময়দানে সংবাদপত্র সংস্কৃতি টিকে থাকাটা খুবই জরুরি।

দৈনিক টার্গেট 





















