শ্রমিক নেতারা বলছেন, কারখানা বন্ধ করে শ্রমিকদের কর্মহীন ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া কোনো সমাধান নয়। এতে জীবন-জীবিকা সংকটে পড়ার পাশাপাশি শিল্পাঞ্চলে অসন্তোষ আরও বাড়তে পারে। শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে তৈরি পোশাক শিল্পে চলমান শ্রম পরিস্থিতির প্রেক্ষিতে গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহের যৌথ সংবাদ সম্মেলন বক্তার এসব দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মীর আবুল কালাম আজাদ।
লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্য, বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে শ্রমিক সংগঠনগুলো সরকারের কাছে স্মারকলিপিও দিয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্রের বাইরের সমস্যাগুলো সমাধানে মালিক ও সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সাম্প্রতিক শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যেসব ট্রেড ইউনিয়ন কর্মী ও শ্রমিককে হয়রানি এবং গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে। আন্দোলনে আহত শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। একই সঙ্গে বন্ধ পোশাক কারখানাগুলো খুলে দিয়ে শ্রমিকদের কাজে ফেরার সুযোগ নিশ্চিত করতে হবে।
শ্রমিক নেতারা বলেন, কারখানা বন্ধ করে দেওয়া কোনো সমস্যার সমাধান নয়। বরং এর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান ও আয়ের অনিশ্চয়তা বাড়বে। শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষও তৈরি হবে। তাই কারখানা বন্ধ না করে শ্রমিকদের সমস্যা সমাধানে মালিকপক্ষকে এগিয়ে আসতে হবে। কারখানার ভেতরে কর্মপরিবেশ, কাজের চাপ ও অন্যান্য সমস্যা এবং কারখানার বাইরের আবাসন, যাতায়াতসহ শ্রমিকদের দৈনন্দিন সংকট সমাধানে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলোচনার উদ্যোগ নিতে হবে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিভিন্নভাবে রাজনৈতিক ও ব্যবসায়িক উসকানির তথ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়ে শ্রমিকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান নেতারা। তাঁরা বলেন, কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হওয়া যাবে না, যাতে ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রম বাধাগ্রস্ত হয়। শ্রমিকদের ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
কারখানায় ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে নেতারা বলেন, সত্যিকার অর্থে কেউ এ ধরনের ঘটনায় জড়িত থাকলে সরকার তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে। তবে তাঁদের দাবি, কারখানা ভাঙচুরের ঘটনায় কোনো শ্রমিক জড়িত নন।
নেতারা বলেন, নভেম্বর ও ডিসেম্বর পোশাকশিল্পের জন্য গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে উৎপাদন ব্যাহত হলে শিল্পের পাশাপাশি শ্রমিকদের জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হবে। প্রায় ৪০ লাখ শ্রমিকের ভাগ্য এ শিল্পের সঙ্গে জড়িত। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি কারখানায় স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরিয়ে আনতে মালিক, সরকার ও শ্রমিক-সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 
























