রোনালদো এবার প্রথমবারের মতো টেলিভিশন সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন। ‘ডে ওয়ানস’ নামে পরিচিত এই ফুটবলভিত্তিক ড্রামা সিরিজে তিনি কাজ করছেন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে। সিরিজটিতে স্বয়ং পর্তুগিজ তারকা অভিনয় করবেন। মাঠের বাইরে নিজের ব্যবসায়িক পরিধি বাড়িয়ে চলেছেন।
নতুন প্রকল্পের জন্য রোনালদো খ্যাতনামা ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ভনের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেছেন ইউআর মার্ভ স্টুডিওস। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই তৈরি হচ্ছে সিরিজটি।
ডে ওয়ানস সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রোনালদো অভিনয় করবেন নিজের চরিত্রেই। আধুনিক ফুটবল ব্যবসার বিপুল অর্থ ও নানা চ্যালেঞ্জের জগৎ উঠে আসবে এই সিরিজে। গল্প তৈরি হবে স্ট্যানলি ডাল্টন নামের এক কাল্পনিক চরিত্রকে নিয়ে। ডাল্টন একজন ব্রিটিশ ফুটবল এজেন্ট। তাঁকে খেলোয়াড়দের দলবদলের উত্তেজনাপূর্ণ ও জটিল পরিস্থিতি সামাল দিতে হয়।
ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস সিরিজটিতে ডাল্টনের প্রধান চরিত্রে অভিনয় করবেন। তাঁর সঙ্গে অভিনয় করবেন প্রশংসিত ব্রিটিশ র্যাপার ডেভ। রোনালদোর শেয়ার করা সিরিজটির প্রাথমিক শুটিংয়ের ছবিতেও দেখা গেছে এই দুজনকে। সামাজিকমাধ্যমে গতকাল রাতে এক পোস্টে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘দারুণ সুখবর। আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানসের’ নির্মাণকাজ মাত্রই শুরু হয়েছে। সামনে আরও অনেক খবর আসছে।’
ডে ওয়ানস সিরিজটিতে থাকছেন ফুটবলজগতের আরও পরিচিত মুখ। ফ্রান্সের ১৯৯৮ ফুটবল বিশ্বকাপজয়ী তারকা থিয়েরি অঁরি অভিনয় করবেন এই সিরিজে। রোনালদোর মতো অঁরিও নিজের চরিত্রেই অভিনয় করবেন তিনি।

দৈনিক টার্গেট 

























