গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোহাগদল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার (৫৫) এবং ছাত্রলীগ নেতা মো. আবু সাঈদ (২১)।
গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে রাতে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে পুলিশের দাবি, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এবং সুনির্দিষ্ট ঘটনায় সম্পৃক্ততার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রাম থেকে গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি ওই গ্রামের মৃত হাবিব গোমস্তার ছেলে। একই রাতে উপজেলার ইন্দুরহাট বাজার এলাকা থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর নেছারাবাদ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গোলাম সারোয়ার এজাহারভুক্ত ২০ নম্বর আসামি। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে গোলাম সারোয়ারের স্বজনেরা জানান, রাজনৈতিক বিরোধের জেরে তাঁকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
অন্যদিকে, গত ২৫ অক্টোবর বিকেল আড়াইটার দিকে উপজেলার ইন্দুরহাট এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তামজিদ ইসলাম তন্ময়ের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। পুলিশের দাবি, ওই মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আবু সাঈদ। মিছিল থেকে নাশকতা সৃষ্টির পাশাপাশি দেশবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করা হচ্ছিল বলেও দাবি পুলিশের।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোলাম সারোয়ারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। আর গত ২৫ অক্টোবর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে সরাসরি অংশ নেওয়ায় আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফেসবুকে সংগঠনের পক্ষে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। গ্রেপ্তার দুজনকে পিরোজপুর আদালতে পাঠানো হচ্ছে।

দৈনিক টার্গেট 






















