ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক কাকলী হালদার বলেন, ‘রোগীকে রক্ত দেওয়ার পর তাঁর ত্বক শুষ্ক হওয়া ও মরা চামড়া ওঠার কারণগুলো বুঝতে হবে। যাঁদের শরীরে রক্ত দিতে হয়, তাঁরা সাধারণত অ্যানিমিয়া, ক্রনিক কিডনি ডিজিজ, ক্যানসার বা বড় কোনো অস্ত্রোপচারের মতো জটিলতায় ভুগে থাকেন। এসব দীর্ঘস্থায়ী রোগে শরীরের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয় এবং ত্বক স্বাভাবিক আর্দ্রতা ও সজীবতা হারিয়ে ফেলে। তাই ত্বক শুষ্ক হয়ে উঠতে পারে।’
এ ছাড়াও কিছু কারণে শরীরে রক্ত প্রবেশ করানোর পর ত্বকের সমস্যা দেখা দিতে পারে। সেগুলো হলো—
রক্ত দেওয়ার সময় বা তার আগে অনেক রোগীর শরীরে ইলেকট্রোলাইট ও তরলের ভারসাম্য বিঘ্নিত হয়। শরীরের কোষে পর্যাপ্ত পানি বা পুষ্টির অভাব ঘটলে এপিডার্মিস (ত্বকের উপরিস্তর) তার প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে পারে না। এর ফলে ত্বক শুষ্ক হয়ে খোসা বা মরা চামড়া উঠতে শুরু করে।
রক্তশূন্যতা বা রক্তরোগের চিকিৎসায় রোগীকে প্রায় সময় বিভিন্ন ওষুধ বা কেমোথেরাপি দেওয়া হয়। এসব ওষুধের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া।
যদিও বিরল, তবু রক্ত সঞ্চালনের ফলে অনেক সময় মৃদু অ্যালার্জি বা ইমিউনোলজিক্যাল প্রতিক্রিয়া হতে পারে। এর ফলে ত্বকে প্রদাহ বা র্যাশ দেখা দিতে পারে, যা সেরে যাওয়ার সময় ত্বক শুষ্ক হয়ে চামড়া ওঠার রূপ নেয়।
ত্বকের এই শুষ্কতা দূর করতে এবং রোগীকে আরাম দিতে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা জরুরি। ডা. কাকলী হালদার বলেন, ‘ত্বকের আর্দ্রতা ফেরাতে সুগন্ধিমুক্ত এবং ডিপ-হাইড্রেশনের ক্রিম, লোশন বা পেট্রোলিয়াম জেলি, যেমন কোল্ড ক্রিম বা সেরামাইডযুক্ত ময়শ্চারাইজার দিনে তিন-চারবার ব্যবহার করতে হবে। গোসল বা শরীর স্পঞ্জ করার পরপরই ভেজা ত্বকে ময়শ্চারাইজার ব্যবহারে ভালো ফল পাওয়া যায়।’
রোগীর শারীরিক অবস্থা ঠিক থাকলে পর্যাপ্ত পানি, ডাবের পানি ও ফলের রস খেতে দিতে হবে। এ ছাড়া ভিটামিন এ, সি, ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ত্বকের স্বাস্থ্য পুনরুদ্ধার সহজ করবে বলে জানান তিনি।
কাকলী হালদার জানান, রোগীদের ক্ষেত্রে সাধারণত কুসুম গরম পানি দিয়ে গোসল বা স্পঞ্জ করানো হয়। তবে অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করলে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যায়। তাই কুসুম গরম পানি ব্যবহার করা উচিত এবং সাবান ব্যবহারের ক্ষেত্রে মাইল্ড বা সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী সাবান বেছে নেওয়া ভালো। তিনি আরও পরামর্শ দেন, রক্ত দেওয়ার কারণে রোগীর ত্বকে মরা চামড়া বা খোসা উঠলে, তা হাত দিয়ে টেনে তোলার চেষ্টা করা যাবে না। এতে ত্বকে ক্ষত বা ইনফেকশন হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। যদি শুষ্কতা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, সঙ্গে তীব্র চুলকানি, লালচে ভাব বা সংক্রমণের লক্ষণ দেখা দেয়; তবে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রক্তাল্পতার মূল কারণ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা নিলে ত্বকের এই সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে।

দৈনিক টার্গেট 























