২৩ বছর পর সাফের শিরোপা জয়ের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছে, সেটি পূরণ করতে চান তিনিও। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের হাতছানিও দেখছেন এই মিডফিল্ডার।
আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাফের ফেবারিট নিয়ে প্রশ্নে হামজা বলেছেন, ‘ফেবারিট কে? আমার মনে হয় আমরাই ফেবারিট। আমি অন্তত সেটাই ভাবতে পছন্দ করব।’
ক্লাবের ব্যস্ততার কারণে প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা। গতকাল দেশে এসেছেন তিনি। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবেন। ঘরের মাঠে আবারও দর্শকদের সামনে খেলতে মুখিয়ে আছেন তিনি। প্রতিটি ম্যাচ জিতেই ছন্দ ধরে রাখতে চান এই মিডফিল্ডার।
শ্রীলঙ্কাকেও হালকাভাবে নিচ্ছেন না হামজা। তাঁর চোখে, গত এক বছরে দলটির যথেষ্ট উন্নতি হয়েছে। তবে বাংলাদেশও পিছিয়ে নেই। বরং ম্যাচে শ্রীলঙ্কার ওপরই বেশি চাপ থাকবে বলে মনে করেন তিনি। হামজা বলেছেন, ‘শ্রীলঙ্কা যথেষ্ট শক্তিশালী একটি দল। আমার মনে হয় গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। তবে উন্নতি আমরাও করেছি। ভুটানের সঙ্গে ম্যাচটি কঠিন ছিল, তবে আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। তাই আমাদের আত্মবিশ্বাস রয়েছে। ওদের ওপরই বেশি চাপ থাকবে, কারণ ওদের ম্যাচ না হারার একটা তাগিদ রয়েছে। তাই আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি, দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী এবং ইনশাআল্লাহ কাল আমরাই জিতব।’

দৈনিক টার্গেট 

























