ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই কাভার্ড ভ্যানটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ালটন কারখানার মালামাল পরিবহনের কাজে ব্যবহারের জন্য কাভার্ড ভ্যানটি কয়েক দিন ধরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে একই দিন ভোরে একটি আজমেরী পরিবহনের বাসে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা এলাকায় আরেকটি আজমেরী পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার এক দিনেই কালিয়াকৈরে দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানসহ তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

দৈনিক টার্গেট 






















