নিহত হোসাইন আলম উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকোচা গ্রামের উদর আলীর ছেলে। আহত সুজন মিয়া একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসাইন আলম দীর্ঘদিন ধরে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ চালকলের ব্যবসা করতেন। আজ সকালে বাড়ি থেকে চালকল নিয়ে সন্ধ্যাকুড়া এলাকার উদ্দেশে রওনা হন তিনি।
রাংটিয়া এলাকায় পৌঁছালে চালকলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে চালক হোসাইন আলম ও তাঁর সহকারী সুজন মিয়া গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুজন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক টার্গেট 























