জামায়াতের নির্বাচনী ব্যয় ৪.৪৯ কোটি, ইসিতে হিসাব জমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নির্বাচনী ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দেওয়া তথ্য অনুযায়ী, পুরো নির্বাচনী কার্যক্রমে মোট ব্যয় দাঁড়িয়েছে চার কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।
মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই ব্যয়ের হিসাব জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। হিসাবপত্রটি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত।
দলটির দাখিল করা বিবরণীতে দেখা যায়, নির্বাচনের সময় ২২৫ জন প্রার্থীর জন্য অনুদান বাবদই ব্যয় হয়েছে চার কোটি টাকা। এর বাইরে নির্বাচনী প্রচারণা, সভা-সমাবেশ, পরিবহন, জনসংযোগসহ বিভিন্ন খাতে আলাদা আলাদা ব্যয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রচারণা কার্যক্রমে দলটি ব্যয় দেখিয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা। পাশাপাশি জনসভা আয়োজন ও কেন্দ্রীয় নেতাদের সফর বাবদ ব্যয় হয়েছে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা। স্টাফ ব্যবস্থাপনা খাতে খরচ হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক ব্যয় দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা। এছাড়া বিভিন্ন অনির্ধারিত বা বিবিধ খাতে আরও ২ লাখ টাকা ব্যয়ের তথ্য দেওয়া হয়েছে।
নির্বাচনী সামগ্রী পরিবহন খাতে তুলনামূলকভাবে অল্প ব্যয় দেখানো হয়েছে, যা উল্লেখ করা হয়েছে ৮ হাজার ৭০০ টাকা হিসেবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোট ৬৮টি আসনে জয় পায়, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনে দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন লাভ করে।
এই নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার মধ্য দিয়ে দলটি তাদের আর্থিক স্বচ্ছতার একটি আনুষ্ঠানিক চিত্র নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করেছে।
