বগুড়াকে ঘিরে বড় উদ্যোগ
বগুড়াকে উত্তরাঞ্চলের এভিয়েশন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আন্তর্জাতিক মানের বিমানবন্দর, দীর্ঘ রানওয়ে, কার্গো সুবিধা ও পাইলট প্রশিক্ষণ একাডেমি নির্মাণের উদ্যোগ বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পরিদর্শন শেষে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনায় উত্তরাঞ্চলের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বগুড়াকে আধুনিক এভিয়েশন হাবে রূপ দেওয়ার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগিয়ে বিমান যোগাযোগে নতুন সুযোগ তৈরি করা হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, বগুড়া বিমানবন্দরে প্রায় ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের চিন্তাভাবনা চলছে। এতে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বড় উড়োজাহাজ ওঠানামা করতে পারবে। একই সঙ্গে কার্গো সুবিধা চালু হলে উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য ও রপ্তানিমুখী ব্যবসায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া বিমানবন্দর ঘিরে একটি আধুনিক পাইলট ট্রেনিং একাডেমি স্থাপনের উদ্যোগও নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি বাস্তবায়িত হলে দেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির নতুন সুযোগ সৃষ্টি হবে।
পরিদর্শনকালে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হাসান মাহমুদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
