কোহলু পুলিশ প্রধান তৈয়ব ইকবাল জানান, চামালাং কয়লা খনিতে কর্মরত ওই শ্রমিকেরা দুটি মিনি-ট্রাকে করে যাচ্ছিলেন। এ সময় বন্দুকধারীরা যানবাহনগুলোর গতিরোধ করে।
পুলিশ প্রধান তৈয়ব ইকবাল বলেন, ‘হামলাকারীরা দুই চালককে ছেড়ে দেয়। এরপর শ্রমিকদের কাছাকাছি একটি পার্বত্য এলাকায় নিয়ে যায় এবং তাঁদের হত্যা করে।’ তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের ধরতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।
এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি একে চরম বর্বরতা বলে আখ্যা দিয়েছেন।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহে জর্জরিত। রোববারের এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে অশান্ত এই প্রদেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত বহু হত্যাকাণ্ডের জন্য বেলুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) দায়ী করে আসছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

দৈনিক টার্গেট 


























