প্রায় ১২ মাইল দীর্ঘ ৩৭০ কোটি ডলার ব্যয়ে নির্মিত সেতুটি ইউরোপের দীর্ঘতম সেতু। রাশিয়ার সেনাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর সেতুটি নির্মাণকে অগ্রাধিকার দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সিএনএনের যাচাই করা ভিডিওতে সেতুর সড়ক অংশের একটি অংশ পানিতে ধসে পড়তে দেখা গেছে। তবে সমান্তরালে থাকা রেলসেতুটি অক্ষত রয়েছে বলে ভিডিওতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে সেতুর একটি অংশে আগুন জ্বলতে দেখা গেছে।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা দুই দিনের মধ্যে দ্বিতীয় ইউক্রেনীয় হামলার পর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি মূল্যায়নে বিশেষজ্ঞরা কাজ করছেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে কের্চ সেতুতে একাধিকবার হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, রাতভর ইউক্রেনের ১ হাজার ৪৪১টি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
কিয়েভের গুরুত্বপূর্ণ দুই সেতুতে রাশিয়ার হামলা
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলায় শহরের মধ্য দিয়ে প্রবাহিত নদীর ওপর থাকা দুটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানি ও তাপ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সিএনএনের এক সাংবাদিক জানিয়েছেন, সেতু দুটিতে হামলার কারণে নদীর দুই তীরেই ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইউক্রেনের সামরিক, পরিবহন, জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় ড্রোন এবং স্থল ও আকাশপথ থেকে নিক্ষেপযোগ্য নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে।

দৈনিক টার্গেট 





















