যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নজরদারি ও বিধিনিষেধ বাড়ানোর মধ্যে এ সিদ্ধান্ত এল।
আইবিএমের কনসালটিং বিভাগে বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী কাজ করেন। প্রতিষ্ঠানটির মোট কর্মীসংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৩০০। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে আইবিএমের এক মুখপাত্র জানান, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে প্রতিষ্ঠানটি এত দিন যুক্তরাষ্ট্রের উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য চালু ভিসা কর্মসূচিগুলো ব্যবহার করে আসছিল। তবে কয়েক বছর ধরেই এসব কর্মসূচিতে আইবিএমের অংশগ্রহণ কমছিল। দক্ষ কর্মীর প্রাপ্যতা এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তন আসায় অধিকাংশ পদের ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে এইচ-১বি ভিসার ওপর নির্ভরতা কমিয়েছে আইবিএম। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির জন্য মাত্র ১ হাজার ৬১১টি এইচ-১বি ভিসার আবেদন অনুমোদিত হয়েছে।
ব্লুমবার্গ নিউজ এর আগে একটি কোম্পানির নথির বরাত দিয়ে জানিয়েছিল, আইবিএমের নতুন সিদ্ধান্তের আওতায় পড়া কর্মীরা যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানটির অন্য কার্যালয়ে কাজ করার সুযোগ পাবেন। অন্যথায় তাঁদের চলতি বছরের শেষ নাগাদ প্রতিষ্ঠানটি ছেড়ে যেতে হবে।
আইবিএমের এ ঘোষণা এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, এইচ-১বি ভিসা কর্মসূচিতে প্রায়ই জালিয়াতি হয়। এ কর্মসূচির কারণে দক্ষ মার্কিন নাগরিকেরা কাজের সুযোগ হারান এবং তাঁদের জায়গায় বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয়।
গত বছর নতুন এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে এককালীন ১ লাখ ডলার ফি আরোপের ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এ ছাড়া গত অক্টোবরে প্রশাসন জানায়, এইচ-১বি ভিসাধারী কর্মীদের গ্রিন কার্ডের আবেদন করার সুযোগ দেয় এমন একটি প্রক্রিয়ার আওতায় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।
প্রশাসনের ভাষ্য, জালিয়াতি বন্ধ করা এবং মার্কিন কর্মীদের ছাঁটাই করে তাঁদের জায়গায় বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল অ্যাডোবি, মাইক্রোসফট এবং এইচ-১বি ভিসায় কর্মী নিয়োগের ক্ষেত্রে শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান কগনিজ্যান্ট, ইনফোসিস ও টাটা কনসালট্যান্সি সার্ভিসেস।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলাকে ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন পদকে ভূষিত করার কয়েক ঘণ্টার মধ্যেই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থগিতাদেশের ঘোষণা আসে। ভারতীয় বংশোদ্ভূত নাদেলা ছিলেন ট্রাম্পের সম্মাননা পাওয়া ছয় ব্যবসায়ী নেতার একজন। তাঁদের মধ্যে পাঁচজনই বিদেশে জন্ম নেওয়া মার্কিন নাগরিক। তাঁদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া টেসলার প্রধান ইলন মাস্ক এবং গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। শৈশবে পরিবারের সঙ্গে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন ব্রিন।

দৈনিক টার্গেট 

























