গত মাসে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। ওই ম্যাচে গোলও করেন তিনি। আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে ক্যারিয়ার শেষ করেন তারকা ফরোয়ার্ড। তাঁকে ছাড়া প্রথমবার মাঠে নামবে আর্জেন্টিনা।
মেসির বিদায়ের পর স্কালোনির ঘোষিত দলে নতুন মুখ আনসেলমিনোই সবচেয়ে বড় চমক। ২১ বছর বয়সী এই ডিফেন্ডার ২০২৪ সালে ১ কোটি ৮০ লাখ ডলারে চেলসিতে যোগ দেন। এরপর ধারে বোকা জুনিয়র্স, বরুসিয়া ডর্টমুন্ড ও স্ট্রাসবুর্গে খেলেছেন তিনি।
চলতি মৌসুমে চেলসিতে ফেরার পর মালয়েশিয়ার জোহরের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পান আনসেলমিনো। কোচ জাবি আলোনসোর অধীনে এখনো কোনো আনুষ্ঠানিক ম্যাচে খেলেননি তিনি। তবে এবার প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই তরুণ।
দলে জায়গা পেয়েছেন চেলসির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও। গত মাসের শুরুতে এভারটনের বিপক্ষে ম্যাচে চোয়ালে চোট পেয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। এখনো ক্লাবের হয়ে মাঠে ফেরেননি মার্তিনেস। তাঁর সঙ্গে গোলরক্ষক হিসেবে রয়েছেন জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রান।
অভিজ্ঞদের মধ্যে আছেন ম্যানচেস্টার সিটির এনসো ফার্নান্দেস, ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেস ও লিভারপুলের আলেক্সিস মাক আলিস্তার। চেলসির ভালেন্তিন বারকোও ফিরেছেন দলে। আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেস, জুলিয়ানো সিমিওনে ও হুয়ান মুসোও রয়েছেন স্কালোনির পরিকল্পনায়।
এ ছাড়া রোমার সান্তিয়াগো কাস্ত্রো, মাতিয়াস সুলে ও লিওনার্দো বালের্দি, লিওঁর নিকোলাস তালিয়াফিকো, জেনিতের রোমান ভেগা এবং কোমোর মাক্সিমো পেরোনে ডাক পেয়েছেন। বায়ার লেভারকুসেনের ফাকুন্দো মেদিনা ও এসেকিয়েল ফার্নান্দেসও রয়েছেন দলে।

দৈনিক টার্গেট 























