আর্শদীপ ও তাঁর প্রেমিকা সামরিনের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই নানা কটূক্তি ও নেতিবাচক মন্তব্যের মুখে পড়ছেন তাঁরা। অবশেষে সামাজিক মাধ্যমে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন ভারতীয় পেসারের প্রেমিকা। বিরক্ত প্রকাশ করে ইনস্টাগ্রাম স্টোরিতে সামরিন লেখেন, ‘প্রেমিককে আড়ালে রাখলে বলা হয়, তাঁকে নিয়ে গর্ব নেই। ভালোবাসা প্রকাশ্যে দেখালে বলা হয়, খ্যাতির জন্য এসব করা হচ্ছে। নিজের মান-সম্মান বজায় রাখলে স্বার্থপর বলা হয়। কাউকে সত্যিকার অর্থে ভালোবাসলেও বলা হয়, একদিন তাঁকে ছেড়ে চলে যাব।’
সমালোচকদের উদ্দেশ্যে সামরিন বলেন, ‘নিজের জীবন ও সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করার অধিকার রয়েছে। এসব ভালো না লাগলে পেজ থেকে সরে যান।’ বিশেষ করে নারীদের একে অপরকে হেয় করার প্রবণতায় হতাশা প্রকাশ করেন সামরিন। ব্যক্তিগত আক্রমণকারীদের ব্লক করার কথাও জানিয়েছেন ভারতীয় পেসারের প্রেমিকা।
পরে সামরিনের পোস্ট শেয়ার করে তাঁর পাশে দাঁড়িয়েছেন আর্শদীপও। ভারতের বাঁহাতি পেসার লিখেছেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত। তুমি সত্যিই অনেক শক্ত মনের মানুষ।’ সমালোচকদের উদ্দেশে ভারতীয় এই পেসার আরও বলেন, ‘আমাদের কী করা উচিত আর কী করা উচিত নয়, তা নিয়ে যাঁরা অতিরিক্ত চিন্তিত, তাঁদের একটু বিরতি নেওয়া উচিত। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে দিন। ভালোবাসা ছড়িয়ে দিন, সবার প্রতি সদয় আচরণ করুন।’
সামরিনকে জীবনে পাওয়াকে সৃষ্টিকর্তার আশীর্বাদ উল্লেখ করে আর্শদীপ বলেন, ‘ভালোবাসা দেওয়া ও পাওয়ার অনুভূতি মানুষের জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা।’ একই সঙ্গে তাঁদের প্রতি ভালোবাসা ও সমর্থন জানানো শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান তিনি।

দৈনিক টার্গেট 



























