ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দম ফেলার ফুরসত নেই বাংলাদেশের। কালই দক্ষিণ আফ্রিকার বিমানে চড়বে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ খেলতে চেয়েছিলেন রানা। কিন্তু এই পেসারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকিতে যেতে চান না নির্বাচকেরা।
চোট থেকে সেরে উঠার পথে থাকা রানা এখন অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। সেখানে নিয়মিত বোলিং করছেন। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ততম সংস্করণ দিয়ে রানাকে ফেরানোর ভাবনা নির্বাচকদের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল দেওয়ার পর প্রধান নির্বাচক সুমন বলেন, ‘রানার সঙ্গে আমার কথা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে ফোন করেছে। ও খুব আশাবাদী দ্রুত ফেরার জন্য। ৯০ ভাগ বোলিং করেছে অস্ট্রেলিয়াতে। ১৫ তারিখ ফিরবে। সে আশাবাদী ফিরে আসার ব্যাপারে। ও বলছে এখনই ফেরার মতো অবস্থায় আছে। যেহেতু একটা ইঞ্জুরির মধ্য দিয়ে গিয়েছে, আমরা প্রক্রিয়া অনুসরণ করেই আনতে চাই, তাড়াহুড়া করতে চাই না।’

দৈনিক টার্গেট 





















