২০২৬-২৭ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামে বিহার। জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন দলের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে নতুন ইতিহাস লেখেন সূর্যবংশী। ভেঙে দেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের রেকর্ড। ১৭ বছর ৩১১ দিন বয়সে ক্রোয়াটদের অধিনায়কত্ব করে এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন তিনি।
সূর্যবংশীর ক্যারিয়ারে এটি আরেকটি বড় অর্জন। মাত্র পাঁচ মাস আগে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর। এরও আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ।
তবে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে নিজের সামর্থ্য দেখাতে পারেননি সূর্যবংশী। টস জিতে ব্যাটিংয়ে নামা বিহারের হয়ে ১২ বলে ১৮ রান করে ফেরেন তিনি। বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার বলে ক্যাচ অ্যান্ড বোল্ড হন এই বাঁহাতি ব্যাটার।
এখন পর্যন্ত বিহারের হয়ে আটটি এবং সব মিলিয়ে ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন সূর্যবংশী। এর মধ্যে ২৩টি ম্যাচ খেলেছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে।
গত বছরের নভেম্বরে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। এসিসি রাইজিং স্টারস টুর্নামেন্টের সেই ইনিংসটি ছিল ভারতীয়দের মধ্যে যৌথভাবে তৃতীয় দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। অল্প বয়সেই ব্যাট হাতে একের পর এক কীর্তি গড়ার পাশাপাশি এবার অধিনায়ক হিসেবেও বিশ্ব ক্রিকেটে নিজের নাম লেখালেন সূর্যবংশী।

দৈনিক টার্গেট 

























